জাহিদ হত্যা মামলায় ১ নারীসহ ৩ আসামির ১দিনের রিমান্ড
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জাহিদ হত্যা মামলায় এক নারীসহ ৩ আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃত আসামিরা হলেন, রূপগঞ্জ থানার তারাব দক্ষিণ পাড়া তালগাছবাড়ী এলাকার ইব্রাহিমের ছেলে বিজয় ভূইয়া, চনপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান সিফাত, ডেমরা কোনাপাড়া বাঁশপট্টি এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে আমেনা আক্তার ওরফে সুমি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, সিদ্ধিরগঞ্জর জাহিদ হত্যা মামলায় আসামিদের আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জের শিরাইল এলাকার শীতলক্ষ্যা নদীর তাজ জুট মিলের ঘাটের সামনে থেকে জাহিদ হোসেনের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এর পর সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলা আটক আসামিরা হত্যার দায় স্বীকার করেছে। জানা গেছে নিহত জাহিদ গুলিস্থানে একটি মোবাইলের দোকানে চাকুরী করতো।


