মেয়র আইভী হত্যা চেষ্টা মামলায় নিয়াজুলের জামিননামা দাখিল
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫২ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : হকার ইস্যুতে চাষাঢ়ায় নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত প্রধান আসামি নিয়াজুল ইসলাম খান হাইকোর্ট থেকে নেয়া আগাম জামিননামা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে দাখিল করেছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতে নিয়াজুলের উচ্চআদালত থেকে নেয়া জামিননামা দাখিল করা হয়। উচ্চ আদালত থেকে নেয়া ৬ মাসের জামিনে থাকার সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার। আগাম জামিন শেষ হওয়ার একদিন আগে তিনি নারায়ণগঞ্জ জেলা ও জজ আনিসুর রহমানের আদালতে তার জামিননামা দাখিল করেছেন। নিয়াজুল বাদে এই মামলায় নামোল্লেখ বাকি ৮ আসামি জামিনে রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন।
পিপি ওয়াজেদ জানান, ‘মহামান্য হাইকোর্ট বিভাগে নিয়াজুল আগাম জামিনের প্রার্থনা করলে উচ্চ আদালত ৬ মাসের আগাম জামিন দেন। জামিনের সময় শেষ হওয়ার ১ দিন আগে তিনি জেলা ও দায়রা জজ আদালতে তার জামিননামা দাখিল করেছেন। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নিয়াজুল নিয়মিত হাজিরা দেবেন এবং পলাতক হতে পারবেননা।’
২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় ২২ মাস ১৮ দিন পর আদালতে বাদী হয়ে মামলা দাযের করেন আইন কর্মকর্তা জি এম এ সাত্তার। ৯ জনের নামোল্লেখ করে ৯০০ থেকে ১০০০ জনকে আসামিক করে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদা খাতুনের আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। পরে আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর মডেল থানাকে এজহার হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন।
ওই মামলায় প্রধান আসামি ঘটনার দিন অস্ত্র প্রদর্শনকারী নিয়াজুল ইসলাম খান (৫২) ব্যতিত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৪৯), সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল (৪৮), শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু (৪৬), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন (৩৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম বিপ্লব (৪২), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন (৩২), যুবলীগ কর্মী নাসির উদ্দিন ওরফে টুন্ডা নাসির (৫২) এবং যুবলীগ নেতা চঞ্চল মাহমুদসহ (৫২) উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিননামা দাখিল করেন। পরে ১৩ জানুয়ারি দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে ৭ জানুয়ারি সকালে আসামিরা জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে সশরীরে উপস্থিত হয়ে উচ্চ আদালত থেকে নেওয়া জামিননামা দাখিল করেন। তখন জামিন নেননি মামলার প্রধান আসামি নিয়াজুল।


