যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড.মাহমুদা মালাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
আইনজীবী সমিতির নির্বাচনে উত্তপ্ত পরিস্থিতির জের ধরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের ভাগ্নী মহানগর যুব মহিলা লীগের আহবায়ক সুইটি ইয়াসমিন
এঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ মালার। মঙ্গলবার সকালে আদালতপাড়ায় এঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে গিয়ে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি এড.খোকন সাহাকেও তোপ দেখান সুইটি।
এড.মাহমুদা মালা বলেন, বার নির্বাচনে আমি প্রকৃত আওয়ামী লীগ নেতৃবৃন্দদের দিয়ে সাজানো আনিসুর রহমান দিপু ও এড.হাবিব আল মুজাহিদ পলুর প্যানেলকে সমর্থন করি। মনোনয়নপ্রত্যাহারের শেষ দিনে এই প্যানেলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেন।
মঙ্গলবার যখন ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা শেষ করে জজ কোর্টে যাচ্ছি আমি ও আমার মুহুরি লিটন দাস, তখন সুইটি এসে আমাকে বলে, ওই তুই আমার মামারে ক্ষমা চাইতে কস? এসময় খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে।
আমার মুহুরি যখন বলে কোর্টে কাজ আছে, তখন সে আমার মুহুরির গায়ে হাত দেয়। তখন বাধা দিলে দিপু-পলু প্যানেলকে জড়িয়ে খারাপ ভাষায় গালি দিয়ে আমার উপর আক্রমন করে।
এসময় এড.সুবর্না এসেও আমার উপর ঝাপিয়ে পড়ে। তখন আমি তাদের প্রতিহত করার চেষ্টা করি। এড. খোকন সাহা, এড.মাকসুদা আপা এসেও তাদের নিবৃত্ত করতে পারছিলনা। সিনিয়র আইনজীবীরা দৌড়ে এসে তাদের টেনে নিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে মহানগর যুব মহিলা লীগের আহবায়ক সুইটি ইয়াসমিন বলেন, ‘এটা সত্য না। এবিষয়ে আমি কিছুই জানিনা।’


