সাড়ে ৬ লাখ টাকার চোরাইকৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার রিপনের রিমান্ড
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০২:১৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৩২টি স্মার্ট মোবাইল ফোনসহ গ্রেপ্তার কামরুল হাসান ওরফে রিপন (২০) এর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
রিমান্ডকৃত কামরুল হাসান ওরফে রিপন (২০) কে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাশিমপুর এলাকার মজিবুর পাটোয়ারীর ছেলে।
এরআগে গত মঙ্গলবার ( ২১ জানুয়ারি ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, পরিদর্শক (তদন্ত) আজিজুল হক ও পরিদর্শক (অপারেশন্স) রুবেল হাওলাদারের দিক নির্দেশনায় শিমরাইলস্থ আমিরুন্নেছা সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করে চোরাইকৃত ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৩২টি স্মার্ট মোবাইল ফোনসহ কামরুল হাসান ওরফে রিপন (২০ ) গ্ৰেপ্তার করেন। অভিযানের সময় এই চক্রের আরেক সদস্য নবী হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গত বুধবার (২২ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক এ তথ্য জানান ।
সংবাদ সম্মেলনে ওসি কামরুল ফারুক জানান, দীর্ঘদিন থেকে একটি চক্র শিমরাইল মোড় এলাকায় চোরাই মোবাইল ফোন ক্রয় বিক্রয় করে আসছে। এদের বেশ কয়েকজন সদস্য রয়েছে যারা মোবাইল ছিনতাইকারী, চোর চক্রের সদস্যদের সাথে নিয়মিত যোগসংযোগ করে পথে-ঘাটে ছিনতাই ও বাসা-বাড়ি থেকে দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে আসে। পরে এগুলো সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকটি মার্কেটে ক্রয়-বিক্রয় করে।
এর সূত্র ধরে পুলিশ এই চক্রকে গ্রেফতারের জন্য নজরদারী শুরু করে। এরপর পুলিশ নিশ্চিত হয়ে আমিরুন্নেছা সুপার মার্কেটে নবী হোসেনের দোকানে অভিযান চালায়। এসময় উদ্ধারকৃত ওই চোরাই মোবাইলগুলোসহ রিপনকে গ্রেফতার করা হয়। তবে দোকান মালিক নবী হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড রুখতে নজরদারীসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় পলাতক নবী হোসেনসহ রিপনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।


