স্টাফ রিপোর্টার (যুগর চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সদর থানায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় নাছির ভান্ডারী (৬৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি নাছির ভান্ডারী আদালতে উপস্থিত ছিলেন (সেশন মামলা নং ২৩৫/১৯)। নাছির ভান্ডারী নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আলামিন নগর এলাকার মৃত হাশেম আলীর ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত সরকারী কৌঁসুলী (এপিপি) জাসমিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তমিজউদ্দিন প্রধানের নেতৃত্বে ২০১৮ সালের ৫ মে দুপুরে নাছির ভান্ডারীর বাসা থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ছিল প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হয়। এ মামলায় আসামি নাছির ভান্ডারী দোষী সাব্যস্ত হওয়ায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।


