Logo
Logo
×

আদালতপাড়া

এজিএম, নির্বাচনকে ঘিরে আদালতপাড়া উত্তপ্ত : আইনজীবীরা মুখোমুখি

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৩:৫৯ এএম

এজিএম, নির্বাচনকে ঘিরে আদালতপাড়া উত্তপ্ত : আইনজীবীরা মুখোমুখি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য যে কোন দলের সমর্থিত আইনজীবীরাই চরম ক্ষিপ্ত বর্তমান আইনজীবী সমিতির পর্ষদের উপর। এজিএম এবং নির্বাচনকে ঘিরে দল-মত-নির্বিশেষে বিভেদ ভুলে আইনজীবীদের এভাবে এক হতে আর কখনো দেখা যায়নি।


এজিএমে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আখতার হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নাম ঘোষণার সাথে সাথে চরম বিশৃঙ্খল আর উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আদালত পাড়ায়। এজিএম শেষ না করায় বর্তমান পর্ষদের আইনজীবীদের মুখোমুখি পুরো আওয়ামী, বিএনপি সমর্থিত আইনজীবীসহ সাধারণ আইনজীবীরা। আজ রোববার থেকেই লাগাতার কর্মসূচি করার ঘোষণা দিয়ে রেখেছেন।


২৯ জানুয়ারি নির্বাচনের তারিখের কথা বললেও এজিএমের সভা শেষ না করে বর্তমান পর্ষদ চলে যাওয়ায় ‘তলবি’ সভা আয়োজনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীরা। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার দুর্ভাবনায় প্রধান নির্বাচন কমিশনার সহ এই কমিশন পরিবর্তনের ডাক দিয়েছেন আইনজীবীরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আইনজীবীদের অধিকাংশ সদস্য পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নির্বাচন কমিশন বদলের আহবান জানিয়েছেন।


উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার হতে আগ্রহী নন বলে জানিয়েছেন এজিএমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নাম ঘোষণা করা সিনিয়র আইনজীবী আখতার হোসাইন। যুগের চিন্তাকে তিনি জানান, ‘এজিএমে তারা আমার নাম পাশ করেছে কি করে নাই এটা তাদের ব্যাপার। এব্যাপারে শুধু আমাকে জানিয়েছে। আমাকে রাখলে রাখলো না রাখলে নাই।


আমার নিজস্ব কোন ইন্টারেস্ট নেই এটার উপর। আমার প্রধান নির্বাচন কমিশনার হওয়ার আগ্রহ কোনদিনই ছিলোনা। বারের মেম্বার হিসেবে আমাকে বানালে আমি করবো। আমি কোন পলিটিক্সও করিনা, আমার পার্সোনাল কোন ইন্টারেস্টও নাই। নির্বাচন কমিশনার হিসেবে আমাকে চিঠি দিয়ে জানিয়েছে, অনেক অবজেকশনও আমি পেয়েছি। যারা বানিয়েছে এটা তার ব্যাপার।


সবাই দায়িত্ব দিলে পালন করবো, নয়তো করবোনা। আমি কোন ঝামেলার ভেতর নাই। আমার দ্বারা বারে কোন গন্ডগোল হোক, কেউ আঘাতপ্রাপ্ত হোক এটা আমি চাইনা। আমি আমার সম্মান নষ্ট হোক এটা আমি চাইনা, আমি তো বলিনি আমাকে চীফ ইলেকশন কমিশনার বানাও।’


এদিকে আইনজীবীদের অভিযোগ, ইতিহাসে প্রথমবারের মতো এজিএমে আইনজীবীদের স্বাক্ষর নেয়া হয়নি। শুভঙ্করের ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে। আইনজীবীরা খাবারের কুপন আনতে যাওয়ার সময় তাদের কিছু স্বাক্ষর নেয়া হয়েছে, এটাকে স্বাক্ষর হিসেবে দেখানোর চেষ্টা হতে পারে, যদিও এখানে চালাকি ধরতে পেরে বেশিরভাগ আইনজীবী তারিখে হেরফের করে দিয়েছেন।


এজিএম শেষ না করেই আইনজীবী সমিতির বর্তমান কমিটির নেতারা সভাস্থল ত্যাগ করে যদি ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা আর নির্বাচন কমিশনারের নাম বলেই চলে গেলেই আইনজীবীরা তাদের অধিকার ছেড়ে দেবে সেটি ভুল ধারণা। তার প্রমাণ তো এজিএমের দিনই পেয়েছে বর্তমান পর্ষদ।


বারবার বিএনপির মধ্যে এড.তৈমূর আলম খন্দকার, এড.সাখাওয়াত হোসেন খান এবং এড.আবুল কালাম অনুসারী আইনজীবীরা বিভক্ত হয়ে থাকেন। তাদের দলের কর্মসূচিও আলাদাভাবে তারা পালন করে থাকেন। কিন্তু এজিএমের দিন সবাইকে অবাক করে দিয়ে পুরো বিএনপিপন্থী আইনজীবীরা সবাই এক হয়ে যান। লাগাতার কর্মসূচির ডাকও দেন তারা।  


তবে এটিকে দলীয়ভাবে না দেখে পেশাগত দিকটাই বিবেচনা করার আহবান জানিয়েছেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘ডাবল গ্র্যাজুয়েটদের নির্বাচনকে তারা স্বৈরতন্ত্রে পরিণত করেছে। গতবারের মতো এবারও জোর করে নির্বাচন কমিশন গঠন করতে চাচ্ছে তারা। সাধারণ সভায় শতকরা ৯০ জন আইনজীবী এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে।


তারপরেও কেন তাদেরকেই কমিশনার বানাতে চায়। বারের সবাই আগে আইনজীবী, তারপর তাদের ব্যক্তিগত রাজনৈতিক দলীয় পরিচয়। এতো আইনজীবীদের মনে কষ্ট দিয়ে হঠকারী সিদ্ধান্ত নেয়া হলে সবাই তা কেন মেনে নেবে। সর্বদলীয় কর্মসূচি একসাথে চলবে।’    


আইনজীবী সমিতির চারবারের সাবেক নির্বাচিত সভাপতি এড.আনিসুর রহমান দিপু বলেন, ‘প্রথমত এজিএমটা হয়েছে অসমাপ্ত। নির্বাচন কমিশন নিয়ে কোন আলোচনা হয় নাই। এমনকি বিবিধ নিয়েও আলোচনা হয়নি। এছাড়া এজিএমে যিনি সভাপতিত্ব করেছেন তিনি মিটিং সমাপ্ত হয়েছে একথাটি পর্যন্ত বলেননি। না বলে তারা সেখান থেকে চলে গেলো, তাহলে এই মিটিং এর রেজাল্টটি কি? আসলে মিটিংটি হয়নি, নতুন করে মিটিং ডাকতে হবে।’  


তবে আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল দাবি করে বলেন, ‘ওইদিন তো মিটিং ক্লোজড হয়েছে। আমি বলেছি বিবিধ আলোচনা আছে, তারা বলেছেন নাই। এখন কেউ যদি না শুনে তবে আমি কি করবো, কানে কানে সবাইকে তো আর বলে আসতে পারিনা।


প্রধান নির্বাচন কমিশনার ‘আই অ্যাম নট ইন্টারেস্টেড’ বলে জানিয়েছেন এখন কি করণীয় জানতে চাইলে জুয়েল বলেন, তিনি কাকে জানিয়েছেন সেটি আমি ঠিক জানিনা। তবে আমার সাথে এব্যাপারে কোন কথা হয়নি। বিষয়টি আগে আমাকে জানতে হবে।’

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন