Logo
Logo
×

আদালতপাড়া

আইনজীবী সমিতির নির্বাচনে ডাবল ডাবল প্রস্তুতি

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০২:৫৯ পিএম

আইনজীবী সমিতির নির্বাচনে ডাবল ডাবল প্রস্তুতি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ঠিক আগমুহূর্তে নির্বাচনের প্রস্তুতি দৃশ্যমান হতে শুরু করেছে। আওয়ামী পন্থী ও বিএনপি পন্থী আইনজীবীদের আলোচনার মূল বিষয়বস্তু এজিএম, প্যানেল এবং নির্বাচন। তবে এবার আইনজীবী সমিতির নির্বাচনে সবকিছুতেই রয়েছে আইনজীবীদের ডাবল ডাবল প্রস্তুতি। বিএনপি ও আওয়ামী লীগ দুটোতেই ডাবল প্যানেল গঠনের পর্যায়ে রয়েছে। ৯ জানুয়ারি এজিএমের পর সুরাহা হবে কিনা এখনই তা বলা যাচ্ছেনা। সমস্যাটি আগে প্রকট হয়ে দেখা যাচ্ছিল আওয়ামী লীগে এখন সেটি বিএনপিতেও প্রভাব ফেলেছে। 

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আদালতপাড়ায় আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার। তিনি আদালতপাড়ায় আসা মাত্রই কিছু আইনজীবী এবার বিএনপি সমর্থিত সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল গঠনের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তড়িৎগতিতে তিনি উত্তর দেন, এবার বিএনপিপন্থী প্যানেল এড.জাকির হোসেন সভাপতি এবং এড.রাকিবুল হাসান শিমূল সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাৎক্ষণিকভাবে তিনি শিমূলকে ডেকে আইনজীবীদের কাছে আগাম ভোট চাওয়ার নির্দেশনা দেন। 

 

বিপত্তি বাধে এখানেই। কেননা, গত বেশ কয়েকদিন যাবৎ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জের সাবেক সভাপতি এড.সরকার হুমায়ূন কবির বলছেন, গতবছর তিনি এবং সেক্রেটারি পদে আবুল কালাম আজাদ জাকির প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবারও করবেন। আগের প্যানেল এবারও ভোটের মাঠ থেকে সরবেননা।

 

বিএনপি নেতা ও সিনিয়র আইনজীবী তৈমূর আলম খন্দকার বলেন, নির্বাচনের মাঠ থেকে সরবেনা, মনপ্রাণ দিয়ে নির্বাচন করবে এমন প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হবে।

 

আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, ‘প্যানেল গঠনের জন্য বিএনপির সর্বস্তরের আইনজীবী নেতাদের সাথে আলোচনা চলছে। নির্বাচনে বিএনপির পক্ষ থেকে শক্তিশালী প্যানেলই দেয়া হবে।’

 

এদিকে আওয়ামীপন্থী আইনজীবী পরিচয়ে দুটো গ্রুপ আলাদা আলাদা প্যানেল গঠনের প্রস্তুতি গ্রহণ করছে। প্রায় দেড় মাস আগে থেকেই আওয়ামী লীগের জাতীয় পরিষদের অন্যতম সদস্য ও আইনজীবী সমিতির চারবারের নির্বাচিত সাবেক সভাপতি এড.আনিসুর রহমান দিপুর নেতৃত্বে জেলা, মহানগর ও থানা পর্যায়ে ত্যাগী আইনজীবী নেতাদের নিয়ে একটি শক্তিশালী গ্রুপ নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে নামে। নানা অনুষ্ঠান আয়োজন, আলোচনা, আড্ডার ছলে এই শক্তিশালী গ্রুপটি নবীন ও প্রবীণদের সমর্থন আদায় করতে সমর্থ হয়। প্রায় প্রতিদিনই এই গ্রুপটি আদালতপাড়ায় শোডাউন করেন।

 

এড.আনিসুর রহমান দিপু সভাপতি এবং এড.হাবীব আল মুজাহিদ পলুকে সেক্রেটারি ধরে প্যানেল গঠনের প্রস্তুতি গ্রহণ করতে থাকে আওয়ামী পন্থী এই আইনজীবীদের গ্রুপটি। তবে প্যানেল গঠনের আগেই কৌশল স্বরূপ রদবদল ঘটাতে পারে এই গ্রুপটি। সেক্ষেত্রে এড.মাসুদুর রউফ, এড. এড.আলী আহম্মদ ভূঁইয়াসহ আওয়ামী পন্থী আইনজীবীরাও শোডাউনে সক্রিয়। প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের এই শক্তিশালী গ্রুপের আইনজীবীরা আদালতপাড়ায় শোডাউন করছেন। এড.খোকন সাহা, এড.আসাদুজ্জামান আসাদ, এড.রশীদ ভূঁইয়া, এড.মাহমুদা মালাসহ প্রায় অর্ধশত আওয়ামীপন্থী আইনজীবী প্রতিদিন আদালতপাড়ায় এই মহড়া দিয়ে আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

 

আওয়ামী পন্থী আইনজীবীদের নেতা এড.আনিসুর রহমান দিপু বলেন, ‘নির্বাচন আসলে আইনজীবীদের মাঝে আনন্দ-উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। আমরা আওয়ামীপন্থী আইনজীবীরা এবার নির্বাচনে আমাদের প্যানেল গঠন ও প্রকৃত আওয়ামী লীগারদের একত্রিত করার কাজ দীর্ঘদিন ধরে করছি। সুন্দর প্যানেল গঠনের মাধ্যমে নির্বাচনে আমাদেরই বিজয় হবে।’   

 

তবে নির্বাচনী প্রস্তুতি রয়েছে সমিতির বর্তমান পর্ষদের সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল বাদেও আওয়ামী প্যানেলে নির্বাচিত বাকি ১৫ জনের মধ্যেও। বর্তমান পর্ষদের সেক্রেটারি এড.মোহসিন মিয়াকে অনেকে আওয়ামী পন্থী প্যানেলের সভাপতি ঠিক করে এগোতে চাইছেন। এক্ষেত্রে আওয়ামী পন্থী আইনজীবীদের মতো আওয়ামীপন্থী আইনজীবীদের নিয়ে শোডাউন দিতে না পারলেও তারা প্রস্তুতির অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ডিজিটাল বার ভবনের নিচতলা, ও ছাদ পরিদর্শন। দিনে বেশ কয়েকবার সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের নিয়ে বারভবনের কাজের পরিদর্শন করে আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন তারা। 

 

মঙ্গলবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সভাপতি খালেদ হায়দার কাজল ও বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলকে নিয়ে পরিদর্শন করেছেন। 

 

মহানগর আওয়ামী লীগের আইন বিষক সম্পাদক ও বর্তমান পিপি এসএম ওয়াজেদ আলী খোকন বলেন, ‘আমাদের প্রার্থীতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মনোনয়ন বোর্ডের ফোরাম ও নির্বাচন পরিচালনা কমিটি থেকে। বর্তমানে দল যে শুদ্ধি অভিযান পরিচালনা করছে মনোনয়ন বোর্ডের কাছে আওয়ামী লীগার না এমন কারো নাম যদি প্রস্তাবনা আসে কিন্তু আমরা ক্লু পাই বা কেউ অভিযোগ করে জানায় তার নব্য আওয়ামী লীগার পরিচয় তবে সে কোনক্রমেই অনুমোদন পাবেনা। অতীতে কে কোথায় ছিলেন, কোন দল থেকে এসেছেন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখেই এবার মনোনয়ন দেয়া হবে।’ 

 

তবে এরপরেও ডাবল ডাবলের পরেও কথা থাকে। আইনজীবী সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ (গ) ধারাটি হঠাৎ আলোচনায়। সেই ধারা অনুযায়ী ‘কোন সদস্য একই পদে পরপর দুইবার নির্বাচিত হবার পর তৃতীয় বার ওই পদে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা।’ এই ধারাটি কোনক্রমে রদ কিংবা স্থগিত করা গেলে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এড.হাসান ফেরদৌস জুয়েলও। তারপক্ষেও রয়েছে জোরালো সমর্থন। সূত্র জানিয়েছে, আইনজীবীদেরই কোন একটি অংশ এজিএমের দিন প্রস্তাবটি তুলতে পারে ‘বিবিধ’ অংশে। 

 

আইনজীবী সমিতির সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল বলেন, ‘টানা দুই বছরের অক্লান্ত পরিশ্রমের পর বারভবনের প্রথম তলার কাজ শেষ করতে পারা আমার জন্য স্বস্তির ও আনন্দের। তাই বাকি সবকিছুর উত্তর দেবেন আইনজীবীরাই, এজিএমে। আমি কিছুই বলতে চাইনা।’ 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন