স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর এলাকার সন্ত্রাসী ৯ মামলার আসামি ২ বছরের সাজাপ্রাপ্ত রবিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাসী রবিন আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। রবিন (৩৩) নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর টানা ব্রীজ এলাকার আব্দুল কাদিরের পুত্র। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল আতিক বিন কাদেরের আদালত রবিনকে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় থেকে রবিন পলাতক ছিল।
ওই মামলায় রবিনের পক্ষে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী সাফাই সাক্ষী দিয়েছিল। কিন্তু এরপরেও রবিন সাজা থেকে রেহাই পায়নি। মামলার রায় ঘোষণাকালে রবিনের ছোট ভাই রুবেল ও মৃত সাইজউদ্দিনের পুত্র শাওনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
জানা গেছে, রবিনের বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে ৯টি মামলা রয়েছে। তার ছোট ভাই রুবেল ও শাওনও সন্ত্রাসী প্রকৃতির। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তাদের সকলের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ নানাবিধ অভিযোগ রয়েছে।


