যুগের চিন্তা রিপোর্ট : আইনজীবীদের আচরণবিধির প্রধান প্রধান দিক অনুযায়ী একজন আইনজীবীর দায়িত্ব হলো তার আইন পেশা এবং একই সাথে এই পেশার অন্তর্গত একজন সদস্য হিসেবে তার নিজের মর্যাদা সমুন্নত রাখা। এবং জুনিয়র আইনজীবীরা অবশ্যই সিনিয়র আইনজীবীদের সম্মান করবেন এবং সিনিয়র আইনজীবীরাও জুনিয়র আইনজীবীদের সাহায্য করবেন। কিন্তু নানা দ্বন্দ্বে ও মতভেদে আইনজীবীদের নানা বিষয়ে বাইরের লোকজন হস্তক্ষেপ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। এমনকি নিজেদের নির্বাচনী প্রচার-প্রচারণাতেও বাইরের মানুষ হস্তক্ষেপ করেছে, শো-ডাউন করেছেন। গেলো বছর নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নানা ইস্যুতে বহিরাগতদের উপস্থিতিতে বিরক্ত আইনজীবীরা। চলতি মাসেই আইনজীবী সমিতির নির্বাচন। ৯ জানুয়ারি এজিএম।
নির্বাচনকে ঘিরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে আদালত পাড়ায়। তবে নিজেদের এই উৎসব বাইরের মানুষের হস্তক্ষেপে ভেস্তে দিতে চাননা তাঁরা। বেশিরভাগ আইনজীবীদের বক্তব্য একটাই এবার নির্বাচনে তারিখ নির্ধারণ থেকে নির্বাচনের পুরোটা সময় তারা কোন ভাড়াটে অতিথি চাননা।
নির্বাচন চলতি মাসের শেষের দিকে হচ্ছে এমন সম্ভাব্য তারিখ নির্ধারণ করে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে চলছে ভেতরে ভেতরে নানা প্রস্তুতি। সুযোগ পেলেই একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন নির্বাচন করবেন কিনা,প্রস্তুতি কি, প্যানেল কয়টি হচ্ছে, নির্বাচন হচ্ছে তো ইত্যাদি ইত্যাদি। নির্বাচন উপলক্ষে উৎসবমূখর আর আলোচনা নির্ভর আদালতপাড়া।
আইনজীবীদের সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রস্তুতির হাওয়া আওয়ামী লীগ বিএনপি উভয়পক্ষেই বেশ ভালোভাবে লেগেছে। এবার কয়টি প্যানেল হচ্ছে তা নিয়ে চলছে গুঞ্জন। তাদের মতে, আইনজীবী সমিতির নির্বাচনে সবসময়ই জেলার সবকয়টি এমপির প্রচ্ছন্ন মতামত থাকে। পছন্দ-অপছন্দ থাকে। তবে সেটি কখনোই আদালতপাড়ায় প্রকাশ্যে হয়না। পর্দার অন্তরাল থেকেই আওয়ামী পন্থী ও বিএনপিপন্থী আইনজীবীদের শক্তিশালী প্যানেল দেয়া হয়।পছন্দ-অপছন্দ থাকাটা দোষের কিছু নয়, তবে সেখানে প্রত্যক্ষ হস্তক্ষেপ করলেই নির্বাচনী পরিবেশটি নষ্ট হয়ে যায়।আইনজীবীরা জানান, গত নির্বাচনে আইনজীবীদের নির্বাচনে বহিরগতরা আদালতপাড়ায় মহড়া দিয়েছে, শোডাউন দিয়েছে যাতে আইনজীবীদের নির্বাচন আর আইনজীবীদের থাকেনি। আনন্দ-উৎসব, পছন্দ-অপছন্দ, প্রচার-প্রচারণা নিয়ে পুরো আদালতপাড়া আইনজীবীরাই জমজমাট করে তোলেন। কিন্তু বহিরাগতরা এখানে প্রকাশ্যে হস্তক্ষেপ করলে সেটি মাটি হয়ে যায়।
আইনজীবীদের সাথে এব্যাপারে কথা বললে তারা জানান, বিএনপি-আওয়ামী লীগ কিংবা অন্য দলের আইনজীবী সেটি কোন বিষয় নয়, নির্বাচনী আমেজ-উৎসব-ভোট এসবই মূল ব্যাপার। কিন্তু যখন নির্বাচন উপলক্ষে বাইরের কেউ আদালতপাড়ায় এসে আইনজীবীদের বাদ দিয়েই মহড়া দেয় সেটি দৃষ্টিকটু ও নির্বাচনী পরিবেশের জন্য হুমকি। এদের মধ্যে অনেককেই আবার এই আইনজীবীরাই নানা মামলায় অতীতে জামিন করিয়েছেন। কিন্তু এরাই যখন নির্বাচনে সমর্থনের কথা বলে আইনজীবীদের সাথে মিশে যাওয়ার কথা বলে হস্তক্ষেপ করেন তখন আর সেটি নির্বাচন থাকেনা, দখলের মহড়া মহড়া মনে হয়। তখন যত স্বচ্ছ ব্যক্তিই নির্বাচিত হয়, তাকে মেনে নিতে অনেকে সংশয়ে পড়েন।
মোদ্দাকথা আইনজীবীদের নির্বাচনটি আইনজীবীদের হাতেই ছেড়ে দেওয়া উচিৎ। পাশ-ফেল বড় বিষয় নয়, নির্বাচনে সবার অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বাঁছাইয়ের সুযোগ হিসেবে দেখেন আইনজীবীরা। আর তাই নির্বাচনে ভাড়াটে অতিথি চাননা আইনজীবীরা। আইনজীবীদের নিজের পেশার মর্যাদা সমুন্নত রাখতেই এটি অনুসরন করা প্রয়োজন।


