স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ) : ২০১২ সালের ফতুল্লা থানার একটি মাদক মামলায় মো.সুমন (৩৭) নামের এক ব্যাক্তিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
সোমবার (৬ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট কাউসার আলমের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.সুমন (৩৭) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আলারপুরা এলাকার সিরাজ মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসাইন রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ফতুল্লা থানার একটি মামলায় মো.সুমন নামের এক ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।সাজাপ্রাপ্ত সুমন পলাতক রয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ জানুয়ারি রাত ১০ টায় জামতলা নতুন চাষাড়া আব্দুর রহমান সড়কস্থ করিম স্টোরের পিছনে পাকা রাস্তার উপর থেকে র্যাব-১১ সুমনকে আটক করে।ওই সময় তার দেহ তল্লাশী করে ১২ পিস ইয়াবা জব্দ করা হয়।


