শাকিল হত্যা মামলার আাসামি তুহিনের সহযোগির ২ দিনের রিমান্ড
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৮:১৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ক্রসফায়ারে নিহত দেওভোগের কিশোর গ্যাং লিডার তুহিনের সহযোগী আল আমিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৬ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শ মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন। রিমান্ডপ্রাপ্ত আল আমিন (২৪) গাইবান্ধা সদরের বল্লমজার এলাকার ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে সে দেওভোগ বাঁশমুলি গাজী মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
এর আগে এই মামলায় গ্রেপ্তারকৃত তার সহযোগিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গত ডিসেম্বর মাসের ২৮ তারিখ তাকে দেওভোগ বাঁশমুলি এলাকা থেকে তাকে তাকে গ্রেপ্তার করা হয়। দেওভোগের আলোচিত মাদক সম্রাট ও কিশোর গ্যাং এর লিডার ক্রসফায়ারে নিহত তুহিনের অন্যতম সহযোগী হিসেবে এলাকায় আল আমিনের বেশ দাপট ছিল।
এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত বছরের জুলাই মাসের ২৭ তারিখ রাত আনুমানিক সোয়া দশটায় হাসেম বাগের গলিতে সজীব নামক এক যুবককে হত্যার উদ্দেশ্যে আল আমিন তার সহযোগিদের নিয়ে ধারালো চাপাতি নিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে।
এসময় সজীবকে বাঁচাতে শাকিল ও শাওন নামের দুই জন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে সজীবের মোটর সাইকেল নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


