স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লায় এক প্লাস্টিক কারখানার কর্মিকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার মামলায় আটক রাজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত রাজন (২০) ফতুল্লা বায়েজিদ বোস্তামী রোড, ব্যাংক কলোনী এলাকার শাহীন উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত ডিসেম্বর মাসের ৩০ তারিখ সে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, গত ডিসেম্বরের ২৮ তারিখ রাত আনুমানিক সাড়ে আটটায় ওই কিশোরী মুদির দোকানে যাওয়ার সময় তাকে একা পেয়ে ডেকে নিয়ে তার মুখ চেপে রাজন তার সঙ্গীদের নিয়ে কিশোরিকে নির্জনে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
পরের দিন ২৯ ডিসেম্বর কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।


