ডেমরায় যন্ত্রচালিত গাড়ির ধাক্কায় অটো রিকশা চালকের মৃত্যু
ডেমরা প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৬:৪৫ পিএম
রাজধানীর ডেমরায় ৬ আসন বিশিষ্ট যন্ত্রচালিত অটোগাড়রি ধাক্কায় মো. সোহাগ খাঁন (২০) নামের এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সোহাগের পিতা বাদী হয়ে গাড়ি চালক আবু তৈয়ব (২২) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ডেমরার হাজীনগর রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ডেমরার সারুলিয়া নদিরপাড় এলাকার ভাড়াটিয়া ও মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কামারগাঁও গ্রামের মোতালিব খাঁনের ছেলে।
তৈয়ব কুমিল্লার চান্দিনা থানার বাতাগাশি গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। বর্তমানে সে ডেমরার পূর্ব হাজীনগর ফয়েজ স্বর্ণকারের বাড়ীর ভাড়াটিয়া।
বর্তমানে ভিন্ন কারণে তৈয়ব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন থাকায় তাকে এ মামলায় এখনো গ্রেফতার দেখানো যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, শুক্রবার রাতে সোহাগ হাজী নগর ইসলাম প্লাজার সংলগ্ন রাস্তায় দাড়িয়েছিল। এ সময় বেপরোয়া গতিতে অটোগাড়ীটি সামনে থেকে সোহাগকে সজোরে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে পার্কিং করা একটি পিকআপের সঙ্গে সোহাগ পুনরায় ধাক্কা খেয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ওসি আরও জানান, খবর পেয়ে সোহাগের পিতা মোতালিব তার ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পুলিশ মৃতের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ওই হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে আসামি তৈয়বকে যথাসময়ে গ্রেফতার দেখিয়ে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।


