ডেমরায় রাস্তায় অবৈধভাবে ড্রেজারের পাইপ বসানোর চেষ্টা
ডেমরা প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৬:৩৫ পিএম
ঢাকা-৫ আসনের এমপি’র নাম ভাঙ্গিয়ে রাজধানীর ডেমরার মীরপাড়া-চনপাড়া সড়কে অবৈধভাবে ড্রেজার পাইপ বসানোর জন্য সড়ক কাটার সময় বাধা দিয়েছে পুলিশ ও এলাকাবাসী।
শুক্রবার সন্ধার আগে ডেমরার মালা মার্কেট সংলগ্ন নরাইবাগ মোল্লাবাড়ী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সালাহ্ উদ্দিনসহ এলাকাবাসী রাস্তা কাটায় বাধা দিলে স্থানীয় কথিত নামধারী আওয়ামী লীগ নেতা টিপু মোল্লা ও শরিফ গং ঢাকা-৫ আসনের এমপি মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনুর অজুহাত দেখায়।
পরে তারা জোর করে কাজ চালু রাখার চেষ্টা করলে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই কাজের কোন অনুমোদনপত্র না থাকায় বন্ধ করে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, কোন প্রকার অনুমোতি ছাড়াই অবৈধভাবে ড্রেজার পাইপ বসানোর জন্য সড়ক কেটে রাস্তায় যানজটসহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে নামধারী এই আওয়ামী লীগ নেতারা। এর আগেও ডেমরা-রামপুরা সড়কের ষ্টাফ কোয়ার্টার এলাকায় অপরিকল্পিতভাবে ড্রেজার পাইপ বোরিং করে বসিয়েছে ওই চক্র। এর ফলে রাস্তাটি বর্তমানে দেবে যাওয়ায় যানবাহন চলাচলে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।
ওয়ার্ড কাউন্সিলর সালাহ্ উদ্দিন বলেন, সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশনের অনুমোদন বাদেই কতিপয় নামধারী আওয়ামী লীগ নেতা রাস্তা কাটতে চেয়েছিল। তাই এলাকাবাসীসহ আমরা বাধা দিয়েছি।
এদিকে এ বিষয়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনু মোবাইল ফোনে বিষয়টি অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমোতিতে কোনভাবেই রাস্তা কেটে অবৈধভাবে ড্রেজার পাইপ বসানো যাবেনা। যদি কেউ দলের নাম ভাঙ্গিয়ে এ কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান মোবাইল ফোনে বলেন, সরকারি কাজ ব্যতীত অনুমোদনহীন ব্যক্তিগত কাজে সরকারি রাস্তা কোনভাবেই কাটা যাবেনা। তারা কোন অনুমোদনপত্র দেখাতে পারেনি বলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।


