ডেমরায় ট্রলি ব্যাগ থেকে মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার
ডেমরা প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৪:৩৪ পিএম
রাজধানীর ডেমরায় ট্রলি ব্যাগ থেকে মো. হারুন-অর-রশিদ (৪৫) নামের এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।
বুধবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে বাঁশেরপুল ডিএনডি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো পেন্ট ও লাল সাদা কালো চেক গেঞ্জি।
হারুন-অর-রশিদ ঝালকাঠির নলছিটি থানার মাদারগুনা গ্রামের মৃত সইজউদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ ঢাকার শ্যামপুর জুরাইন খন্দকার রোড এলাকায় বসবাস করতেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল বলেন, বুধবার রাতে খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়না তদন্ত রিপোর্টে এ হত্যাকান্ডের আসল রহস্য জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতের যে কোন সময় খুনিরা ট্রলি ব্যাগের ভিতরে ভরে মৃতের লাশ ডিএনডি খালে ফেলে গেছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, এ হত্যাকান্ডের বিষয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে যা প্রক্রিয়াধীন রয়েছে।


