করোনা প্রতিরোধে বাড়িতে থাকার আহ্বান খালেদা জিয়ার
যুগের চিন্তা ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২০, ১২:২২ এএম
দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। করোনা মহামারি প্রতিরোধে দেশবাসীকে ঘরে থাকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রণীত বিধি মেনে চলার আহবান জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার ঈদের দিন রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রধানের এই বার্তা সাংবাদিকদের জানান।
মির্জা ফখরুল বলেন, আপনাদের মাধ্যমে উনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনা ভাইরাস মহামারি সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই মহাসংকটে মোকাবিলা করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি ম্যাডাম আহবান জানিয়েছেন।
খালেদা জিয়া বলেন, বাড়িতে থাকুন, একটু কষ্ট করুন। বাড়িতে থেকেই এই সংক্রমণকে প্রতিরোধ করতে হবে। জনগণ যেন ঘরে থাকে এবং এই মহামারিকে প্রতিরোধ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সমস্ত বিধান দিয়ে তা যেন তারা মেনে চলে।
তিনি আরও বলেন, তিনি সন্তুষ্টিও প্রকাশ করেছেন যে, এত প্রতিকুল অবস্থার মধ্যেও বিএনপির নেতা-কর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তিনি বার বার বলেছেন, এখন সাহস না হারিয়ে দাঁড়াতে হবে।
গতকাল সন্ধ্যায় সামাজিক দূরত্ব বজায় রেখে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু দলীয় প্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


