শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আগামীকাল রোববার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে না। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। এ ছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


