ঈদের দিন কেউ ঘোরাফেরার জন্য বাইরে বের হবেন না: র্যাবের ডিজি
যুগের চিন্তা ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২০, ০২:০৯ পিএম
করোনাভাইরাসের মহামারি প্রেক্ষাপট বিবেচনায় দেশবাসীকে অনুরোধ করবো ঈদের দিন কেউ ঘোরাফেরার জন্য বাইরে বের হবেন না। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ শুক্রবার আসন্ন ঈদ-উল-ফিতর ও চলমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে র্যাব গৃহীত আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান।
র্যাবের মহাপরিচালক আবদুল্লাহ আল-মামুন বলেন, ভিন্ন এক প্রেক্ষাপটে আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করতে যাচ্ছি, যখন প্রত্যেকটি জেলা করোনা আক্রান্ত। তাই দেশবাসীকে অনুরোধ করবো ঈদের দিন কেউ ঘোরাফেরার জন্য বাইরে বের হবেন না। আপনারা ঘরে থাকুন আপনাদের জন্য আমরা বাইরে আছি। এবার ঈদের দিনে বিনোদনের নামে ঘোরাঘুরির বা কোনো বিনোদন কেন্দ্রে দর্শনীয় স্থানে জমায়েত করা যাবে না। বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থানগুলোতে র্যাবের নজরদারি থাকবে।
তিনি আরও বলেন, আমরা প্রত্যেক বছর খোলা আকাশের নিচে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করি। কিন্তু এবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মতে মসজিদগুলোতে একটা নির্দিষ্ট সময় বিরতিতে একাধিক ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদের নামাজ ঘিরে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতো র্যাবও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
র্যাব প্রধান বলেন, উসকানি, নাশকতামূলক ও জঙ্গি অপতৎপরতা বন্ধে নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট বাড়ানো হয়েছে। র্যাবের সাইবার টিম সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করছে। এছাড়া, র্যাবের রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।


