ছবি: সংগৃহিত
যুগের চিন্তা ডেস্ক: উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩১২টি ঝুপড়ি ঘর ও ৩৭টি দোকান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক কোটি টাকার। কেউ হতাহত হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রোহিঙ্গা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানিয়েছেন, প্রতিটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার রয়েছে। অধিকাংশ রোহিঙ্গা ঠিকমতো এর ব্যবহার বিধি জানে না। তাই প্রতিনিয়ত অগ্নিকাণ্ড ঘটছে। রান্নাঘরের চুলা থেকে মঙ্গলবার এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি এবং ই ওয়ান ব্লকের বাসিন্দা আলী হোসেন বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। এতে পুড়ে গেছে রোহিঙ্গাদের ৩১২টি ঝুপড়ি ঘর। এরা এখন খোলা আকাশের নিচে বসে আছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তুতি চলছে। পুড়ে যাওয়া ঘরগুলো পুনরায় নির্মাণ করে দেওয়া হবে। ক্যাম্পে যাতে কোনও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।’


