যুগের চিন্তা ডেস্ক: দেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৯শ’ ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬৬০ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন তিন হাজার ১৪৭ জন।
আজ মঙ্গলবার মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, নিহত ১১ জনের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী। এরমধ্যে ঢাকার পাঁচজন। বাকিরা অন্য জেলার। বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন ও ৮০ বছরের উপরে একজন মারা গেছেন।
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গতকাল সোমবার ৩৭ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। আজ আরও একটা বেড়েছে । মোট ৩৮টি ল্যাবে এখন নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৮৪৫ জনের। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৭৩ জনের। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৮টি।


