ছবি: সংগৃহিত
যুগের চিন্তা ডেস্ক: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে অনেক ধকল সহ্য করে পুলিশের সহায়তায় সন্তান জন্ম দিলেন এক করোনা আক্রান্ত নারী। সন্তান জন্ম দেওয়ার কয়েকদিন আগেই জানা যায় তার করোনা পজিটিভ।
সোমবার (১১ মে) সকালে ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। কোনও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পেরে তার স্বামী বংশাল থানায় ফোন করেন। চলে আসে পুলিশের গাড়ি। পরে তাদের সহায়তায় সেই গাড়িতে করেই ঢামেকে নিয়ে যাওয়া হয় কামরুন্নাহারকে। সকালে ঢামেকের করোনা ইউনিটে ওই নারী ফুটফুটে ছেলে শিশুর জন্ম দেন।
বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির বলেন, ওই নারী স্বামী ও এক সন্তানকে নিয়ে বংশাল কসাইটুলি এলাকার একটি বাসায় থাকেন। গত ৬ মে নয় মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর জ্বর ও কাশি দেখা দেয়। করোনাকালে এই লক্ষণ দেখে নারীর স্বামী ঘাবড়ে যান। অনেক জায়গায় যোগাযোগ করতে থাকেন স্ত্রীর চিকিৎসার জন্য। কিন্তু কেউ সাড়া দেননি। একপর্যায়ে ওই নারীর স্বামী আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা দ্রুত ওইদিনই ওই বাসায় ছুটে যাই এবং আমাদের উদ্যোগে স্বামী-স্ত্রীকে সুরক্ষাসামগ্রী পরিয়ে ঢাকা মেডিক্যাল করানো ইউনিটে নিয়ে যাই। নবজাতক সুস্থ থাকলেও, মা বেশ অসুস্থ বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


