যুগের চিন্তা ডেস্ক: দেশে নভেল করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৩৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১০৩৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ছয়শ ৯১ জনে।
আজ সোমবার মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৭টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার দুইশ ৬৭টি। পরীক্ষা করা হয়েছে সাত হাজার দুইশ আটটি। মোট পরীক্ষা করা হয়েছে এক লাখ ২৯ হাজার আটশ ৬৫টি।
নাসিমা সুলতানা বলেন, গেল ২৪ মৃত্যু হয়েছে ১১ জনের। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন। ঢাকায় ৮ জন, চট্টগ্রামে দুইজন্য রংপুরে একজন বাসিন্দা। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে রয়েছে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে একজন।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ২ হাজার ৯০২ জন। ৩৭টি ল্যাবে এখন নমুনা পরীক্ষা করা হচ্ছে। আজ নতুন করে যুক্ত হয়েছে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতাল।


