যুগের চিন্তা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২২৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে।
আজ রোববার মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ২ হাজার ৬৫০ জন। ৩৬টি ল্যাবে এখন নমুনা পরীক্ষা করা হচ্ছে। শনিবার (৯ মে) পর্যন্ত ৩৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ নতুন করে যুক্ত হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৬৪২ জনের। এ সময়ে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৩৮টি নমুনা।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় নিহত ১৪ জনের মধ্যে ১০ জনই পুরুষ, চারজন নারী। বয়সের হিসেবে মৃত চারজন নারীর মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন রয়েছেন। বয়সের হিসেবে মৃত ১০ জন পুরুষের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন ও ৯০ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।


