যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাস থেকে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। করোনাকালে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ইতিমধ্যেই ছয় জন পুলিশ সদস্য আত্মোৎসর্গ করেছেন।
প্রায় দেড় হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও কল্যাণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টা দিকে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা বলেন, আইজিপি’র নির্দেশে নিরাপদ দূরত্ব বজায় রেখে করোনায় আক্রান্ত প্রত্যেক সদস্যকে সশরীরে পরিদর্শনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ‘বিশেষ টিম’ গঠন করছে পুলিশের বিভিন্ন ইউনিট।
প্রাথমিকভাবে এই বিশেষ টিমগুলো করোনায় আক্রান্ত প্রত্যেক সদস্যকে সরেজমিনে পরিদর্শন করবে, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিবে, হাসপাতাল কিংবা আইসোলেশনে থাকাকালীন তাদের বিভিন্ন সমস্যার কথা জেনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেবে এবং পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেক সদস্য যাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা পান- সে ব্যাপারটি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।


