যুগের চিন্তা ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে ২০৬ জনের মৃত্যু হলো। মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী। নতুন রোগি শনাক্ত হয়েছে ৭০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জন।
শুক্রবার (০৮ মে) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, নতুন মৃত্যু নিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে। মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে। মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৯৪১টি। নমুনা সংগ্রহ করা হয়েছিল পাঁচ হাজার ৭০৭টি। আগের সংগ্রহ থেকেও পরীক্ষা করা হয়েছে। সবমিলে মোট পরীক্ষা করা হয়েছে ৯৯ হাজার ৪৬২টি।
অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ। দুইজন নারী। তাদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৯০ বছরের বেশি বয়সের একজন। ৭১ থেকে ৮০ বছরের দুইজন। ৬১ থেকে ৭০ বছরের দুইজন। ৫১ থেকে ৬০ বছরের দুইজন। আইসোলেশনে এসেছেন ১০৩ জন। মোট আইসোলেশনে আছেন এক হাজার ৮৭৪ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৬১৯ জন।


