যুগের চিন্তা ডেস্ক: দেশে করোনাভাইরাস সর্বমহলে একটা আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ এখন কর্মহীন হয়ে পরেছে। দেশে যত পরীক্ষা বাড়ছে তার সাথে রোগি সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গেল ২৪ ঘন্টায় ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর সাথে নতুন মৃত্যুবরণ করেছে আরও ১৩ জন।
এদিকে, করোনা মহামারিতে বাংলাদেশে জন্মাতে পারে ২৪ লাখ শিশু। এমন পূর্বাভাস দিচ্ছে ইউনিসেফ। বিশ্বব্যাপী জন্ম নিবে ১১৬ মিলিয়ন নবজাতক। কোভিড -১৯ মহামারি চলাকালীন ১১ মার্চ থেকে শুরু করে ৪০ সপ্তাহব্যাপী এই সংখ্যক নবজাতক জন্মগ্রহণ করবে।
ইউনিসেফ বলছে, করোনাভাইরাস লকডাউন পরিস্থিতিতে জন্ম নেওয়া এসব শিশু ও মা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করবেন। বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি, লকডাউনের কারণে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, সরবরাহ সমস্যা এবং দক্ষ নার্সিং এর অভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে মায়েদের।
সংস্থাটির ধারণা, করোনার সময়ে এই ৯ মাসে ভারতে জন্মাতে পারে ২ কোটির বেশি শিশু। দ্বিতীয় সর্বোচ্চ চীনে ১.৩ কোটি শিশু, নাইজেরিয়ায় ৬০ লাখ এবং পাকিস্তানে ৫০ লাখ শিশু। এসব দেশে আগে থেকেই নবজাতকের মৃত্যুহার বেশি। এই সংকটকালীন সময়ে এ মৃত্যুহার আরো বাড়তে পারে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফরে বলেন, সন্তান জন্ম দেওয়া মায়েদের এই পরিস্থিতি মেনে সতর্ক হতে হবে। অনেক অন্তঃসত্ত্বা লকডাউন ও জরুরি অবস্থায় সংক্রমিত হওয়ার আশঙ্কায় জরুরি চিকিৎসা নিতে হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন।
ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) মতে, বাংলাদেশে করোনাভাইরাস মহামারিতে নবজাতক জন্মদানে চিকিৎসা সেবার ঘাটতি থাকলেও এখন পর্যন্ত মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু হারে কোন পরিবর্তনে আসেনি। বাংলাদেশে মাত্র ৩৩ টি জেলায় জরুরি চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে।
ইউনিসেফ মনে করে করোনা সংকটে প্রসূতিদের সেবা দিতে কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। ইউনিসেফ বাংলাদেশ সরকারের সঙ্গে অন্তঃসত্ত্বা মা ও নবজাতক জন্মদানে ঝুঁকি এড়াতে কাজ করে যাচ্ছে।


