যুগের চিন্তা ডেস্ক: করোনা হটস্পট নারায়ণগঞ্জে করোনা রোগীদের সেবা করার জন্য স্বেচ্ছায় বদলি হয়েছেন স্বাস্থ্য অধিদফতরে আবেদন করে এক চিকিৎসক। ডা. মশিউর রহমান করোনা মহামারীতে দেশের অন্যতম করোনা হটস্পট নারায়ণগঞ্জ/ঢাকা/গাজীপুরে স্বেচ্ছায় কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন।
গত ১৪ এপ্রিল ডা. মশিউর রহমানের আবেদনের প্রেক্ষিতে অধিদফতর তাকে ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জের করোনা ডেডিকেটেড হাসপাতালে পদায়ন করে। এর আগে, ডা. মশিউর রহমান সিরাজগঞ্জের তাড়াশের সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, তার নানা একাত্তরের একজন বীর মুক্তিযোদ্ধা, বীরউত্তম খেতাব প্রাপ্ত। বিজিবি পিলখানা সদর দফতরের নিউ মার্কটের সংলগ্ন ৩ নং গেটের নাম তার নানা হাবিবুর রহমানের নামে রাখা হয়।


