যুগের চিন্তা রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটায় নারায়ণগঞ্জ থেকে আসা ১০ জনের নমুনা পরীক্ষা করে একজন (৪৫) করোনা শনাক্ত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। তিনি বর্তমানে দেবহাটার সখিপুর সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল লতিফ জানান, ১ মে ভোরে নারায়ণগঞ্জ থেকে ২৪ জন ইটভাটাশ্রমিক ট্রাকে করে দেবহাটায় নিজ এলাকায় ফিরে আসেন। তাঁদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। তবে একজন (করোনা পজিটিভ) এসেই তাঁর বাড়ি চলে গিয়েছিলেন। তাঁদের মধ্যে যাঁদের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল, তাঁদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল রাত আটটার দিকে ল্যাব থেকে জানানো হয়, ১০ জনের মধ্যে ১ জনের প্রতিবেদন করোনা পজিটিভ। এই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে আসার পর নিজ বাড়ি গিয়েছিলেন, এমনকি তাঁর স্ত্রীও তাঁকে দেখতে এই কলেজে আসেন। তাই তাঁর বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।


