যুগের চিন্তা ডেস্ক: অনাচার দুর্নীতির সরকার আছে বলেই করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৫ মে) মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সভাপতি শেখ রবিউল আউয়াল এর উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির বলেন, অনাচার দুর্নীতির সরকার আছে বলেই করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে। মানুষের আহাজারি, হাহাকারের কান্না শুনতে পাচ্ছি। নির্বাচিত সরকার থাকলে গরিব মানুষ ত্রাণ পেতো। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হতো। মানুষকে মৃত্যুবরণ করতে হতো না। সাংবাদিক, পুলিশ আক্রান্ত হচ্ছে। আগাম প্রস্তুতি থাকলে মানুষ আক্রান্ত হতো না। কিন্তু যে সময় প্রস্তুতি নেয়ার কথা ছিল, সে সময় সরকার অন্য কাজে ব্যস্ত ছিলো। সঠিক পদক্ষেপ না নেয়ায় এখন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
রিজভি বলেন, সরকারি দলের লোকেরা জনগণের টাকায় কেনা ত্রাণ আত্মসাৎ করছে। ত্রাণের চাল, ডাল, তেল, নুন জিনিসপত্র সরকার দলীয় চেয়ারম্যান মেম্বার এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চুরি করছে। বিনা ভোটের সকল জায়গায় জোর করে চেয়ারম্যান-মেম্বার বানানো হয়েছে।
তিনি আরও বলেন, সরকার করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে অফিস-আদালত, শপিংমল সহ অন্যান্য প্রতিষ্ঠান খুলে দিচ্ছে। এতে আরো মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে। ত্রাণ বিতরণের সময় রিজভী বলেন, অসহায় দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কাজ না থাকায় না খেয়ে আছেন। না খেয়ে মারা যাচ্ছে।


