যুগের চিন্তা ডেস্ক: গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৩ জনে।
সোমবার (৪ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ হাজার ২১০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৯০ জন। মোট আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩৬ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ২ হাজার ৭৪২ জন।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৩১৫। পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৬০ জনের । নমুনা সংগ্রহের হার বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ। পরীক্ষা বেড়েছে ১৬ দশমিক ৬১ শতাংশ। মোট পরীক্ষা করা হয়েছে ৮৭ হাজার ৬৯৪ জনের।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নিহত পাঁচজনই পুরুষ। এরমধ্যে তিনজন ঢাকার, একজন সিলেটের অন্যজন ময়মনসিংহের। বয়সের হিসেবে নিহতদের তিনজনের বয়স ৬০ বছরের উপরে, একজনের ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, আরেকজন ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। মোট নিহতদের মধ্যে ৭৩ শতাংশ পুরুষ, ২৭ শতাংশ নারী। সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে নয় হাজার ৭৩৮টি। ঢাকার ভেতরে রয়েছে তিন হাজার ৯৪৪টি। ঢাকা সিটির বাইরে শয্যা রয়েছে পাঁচ হাজার ৭৯৪টি। আইসিইউ রয়েছে ৩৪১টি, ডায়ালাসিস ইউনিট রয়েছে ১০২টি।


