যুগের চিন্তা ডেস্ক: গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে হয়েছে ১৭৭ জনে। আর নতুন করে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন।
রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৩৬৮টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৪৫৫ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই জনের। তারা দু’জনই ঢাকার বাইরের। এদের একজন রংপুরের অন্যজন নারায়ণগঞ্জের। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। অপর জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির তৈরি করা গাইড লাইন অনুসারে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৬৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬২৪ জন। ঢাকার বাইরে অন্য বিভাগীয় শহরে সুস্থ হয়েছেন ৪৩৯ জন ।


