যুগের চিন্তা ডেস্ক: করোনার কারণে মন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উস্তে। রাজধানীসহ স্থানীয় বিভিন্ন বাজারে পাইকারের অভাবে অবিক্রিত থেকে যাচ্ছে উস্তে। খুচরা বাজারগুলোতে উস্তের দাম না কমলেও চাষিদের কাছ থেকে পাইকাররা উস্তে কিনতে আসছেন না।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদি, কংসপুরা, রামানন্দ, বালুরচর গ্রামের উস্তে চাষিদের দুর্দশার এ চিত্র পাওয়া গেছে।
ঢাকার কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, শ্যামপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারের পাইকাররা মুন্সীগঞ্জে এসে উস্তে কিনে নিয়ে যান। করোনায় সেই সব পাইকাররা আসছেন না। তাই স্থানীয় বাজারে ৫ টাকা কেজিতে উস্তে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অথচ করোনার আগে পাইকারি বাজারে এক কেজি উস্তে ১৮ টাকা ২০ টাকায় বিক্রি করেছেন। গত বছর উস্তে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, সিরাজদিখান উপজেলার ১০০ হেক্টর জমিতে এ বছর উস্তের চাষ হয়েছে। ফলনও বেশ ভালো। তবে করোনার কারণে বাজারজাত করতে না পারায় চাষিদের লোকসান গুণতে হচ্ছে।


