যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে চলমান সাধারণ ছুটি ফের বাড়ছে। এবার আগামী ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হচ্ছে। দু’একদিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জন প্রশাসন মন্ত্রণালয়।
শনিবার (২ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ছুটি হয়তো আবারও বৃদ্ধির প্রয়োজন হতে পারে। প্রধানমন্ত্রীর নিদের্শনা পেলে এ বিষয়ে কাল-পরশুর মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।
সাধারণ ছুটিকালীন জরুরি পরিষেবা ছাড়াও গণপরিবহন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতোমধ্যেই পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে।
তবে দেশের বিদ্যমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা বিষয়ে আলোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী রোববার (৩ মে) সচিবালয়ে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।
করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে পাঁচ দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। কিন্তু দেশে এখনও করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই।


