যুগের চিন্তা ডেস্ক: জামায়াত থেকে বহিস্কৃত নেতাদের সমন্বয়ে ‘আমার বাংলাদেশ পার্টি’ বা ‘এবি পার্টি’ নামের নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।
শনিবার (০২ মে) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দলের ঘোষণা দেওয়া হয়।
জামায়াত থেকে বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জু নতুন এ দলের ঘোষণা দেন। এ সময় দলটির ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির সভাপতি হয়েছেন সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী আর সদস্য সচিব হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। কমিটিতে আরও রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা আবদুল হক মিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম, সাবেক শিবির নেতা ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া প্রমুখ।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ধর্ম ও মহান মুক্তিযুদ্ধকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে এবি পার্টি। মতবাদ, মতাদর্শ যার যার, রাষ্ট্র আমাদের সবার। মতবাদ ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে অধিকার আদায়ের রাজনীতি করবে এবি পার্টি।


