যুগের চিন্তা ডেস্ক: করোনার মহামারির ঝুঁকি মাথায় নিয়ে পদ্মা পাড়ি দিয়ে ঢাকামুখী হাজার হাজার পোশাক শ্রমিক। গণপরিবহন বন্ধ থাকার সত্ত্বেও বিকল্প উপায়ে ঢাকা আসছে পোশাক করখানার শ্রমিকরা।
শুক্রবার (০১ মে) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী পোশাক শ্রমিকদের ভিড় দেখা যায়।
ফেরিতে করে পদ্মা নদী পার হয়েছেন হাজারো গার্মেন্টস শ্রমিক। শুক্রবার সকালে কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরিতে করে শিমুলিয়া ঘাটে যেতে দেখা গেছে হাজার হাজার পোশাক শ্রমিকদের। কোন গণপরিবহন না থাকায় বিকল্প পরিবহনে করে ঢাকা যাচ্ছে তারা।
গতকাল বৃহস্পতিবার সকল থেকে ট্রলার ও ফেরিতে নদী পাড়ি দিয়েছেন ঢাকামুখী পোশাককর্মীরা। সীমিত আকারে পোশাক কারখানা চালুর ঘোষণা দেয়ার পর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী শ্রমিকদের ভিড় বেড়েছে কয়েকগুণ।
ফেরিঘাট সূত্র জানায়, আজও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী পোশাককর্মীদের ভিড় ছিল। হুমড়ি খেয়ে পড়েছেন তারা। সকাল থেকে ফেরি ও ট্রলারযোগে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়াঘাটে গেছেন হাজারো পোশাককর্মী।
পোশাক শ্রমিকরা জানিয়েছে, মালিকপক্ষের চাপে কাজ যোগ দেয়ার জন্য তারা ঢাকা যাচ্ছে। কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলে জানানো হয়েছে। এজন্য করোনার মহামারি মাথায় নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চাকরি বাঁচাতে মরিয়া হয়ে ছুটছে পোশাক শ্রমিকরা।


