যুগের চিন্তা ডেস্ক: করোনাভাইরাস রোগি শনাক্তকরণ কিট প্রস্তত বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নমুনা কিট ব্যবহারের জন্য প্রস্তত বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তবে আমন্ত্রণ জানানোর পরও মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এ কিট গ্রহণের জন্য যায়নি সরকারের কোনো প্রতিষ্ঠান। ফলে প্রতিনিধি না থাকায় স্বাস্থ্য অধিদফতরকে কিট দেয়া যায়নি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদেরকে সিডিসি কনফার্ম করেছিল আসবে, একমাত্র তারাই এসেছে। সিডিসিকেই আমরা দিয়ে দেব। বাকিদেরকে আমরা কালকে সরকারিভাবে প্রত্যেকের অফিসে পৌঁছে দেব। আমাদের দুঃখ, আপনাদের সামনে হস্তান্তর করতে পারছি না।’
তিনি বলেন, ‘ওষুধ প্রশাসনের মহাপরিচালক আমাকে জানিয়েছেন, আজকে তারা আসতে পারবেন না। জানি না, আজকে তারা কেন আসতে পারলেন না। মন্ত্রীকেও আমরা তিন দিন আগে এই অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানিয়েছিলাম। উত্তর পাইনি। মন্ত্রী এখন অত্যন্ত ব্যস্ত মানুষ। হতেই পারে। কারণে-অকারণে অনেক ব্যস্ত আছেন, লেনদেনের ব্যাপারও হয়তো আছে।’
সরকারি অনুমোদন পেলে পরের সপ্তাহে কিট উৎপাদন শুরু করা যাবে বলে জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। কিটের দাম সর্বোচ্চ আড়াইশ টাকা পড়বে জানিয়ে জাফরুল্লাহ বলেন এটির বাজার মূল্য ৩০০ টাকা হবে।
গবেষক দলের প্রধান বিজন কুমার শীল বলেন, এন্টিবডি ও এন্টিজেন্ট এই দুটির সমন্বয় করেই কিট তৈরি করা হয়েছে। এটি পাঁচ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষা করা যাবে। সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা গণস্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে প্রস্তুত করা কিট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।


