যুগের চিন্তা ডেস্ক: দেশে করোনাভাইরাস সংক্রমণ ঢাকা পর নারায়ণগঞ্জে বেশি রোগি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস আতঙ্কের মধ্যে রাজশাহীর বাঘাতে নারায়ণগঞ্জ থেকে আসা এক আত্মীয়কে বাড়িতে থাকতে নিষেধ করায় মারধরের ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন-বাঘা উপজেলা বাঘা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড চকছাতারী গ্রামের হোসেন আলীর স্ত্রী সিমা বেগম (২৬), গোলাম হোসেনের স্ত্রী শাহানাজ বেগম (৪২), আব্দুল মান্নানের স্ত্রী লতা বেগম (২৫) ও গোলাম হোসেন (৪৮)।
এলাকাবাসী জানিয়েছেন, গত ২০ এপ্রিল নারায়গঞ্জ থেকে চকছাতারী গ্রামের ফজলুর রহমানের বাড়ি বেড়াতে আসে তাদের এক আত্মীয়। বিষয়টি জানতে পান প্রতিবেশী সীমা বেগম। পরদিন সকাল ১০টার দিকে ফজলুরের বাড়ির সামনে গিয়ে করোনা সংকটের কথা তুলে ধরে ওই আত্মীয়কে চলে যাবার জন্য বলেন। এতে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সিমা বেগম বাড়ি চলে আসেন। পরে ফজলুর রহমান এ কথা শোনার পর তার লোকজন নিয়ে দুপুরে সীমার বাড়িতে আসে। একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ফজলুর রহমান ও তার সাথের লোকজন সিমা বেগম ও শাহানাজ বেগম, লতা ও গোলাম হোসেনকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে তাদের দ্রুত বাঘা হাসপাতালে নেওয়া হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় গত বৃহস্পতিবার চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। এদিন রাতেই ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে রাজশাহী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


