যুগের চিন্তা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে । এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৫০৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে।
শুক্রবার (২৪ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮৬ জনের। পরীক্ষার হার বেড়েছে ৭ দশমিক ৯ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬ জনের। এ সময়ে আইসোলোশনে নেওয়া হয়েছে ১২৩ জনকে। বর্তমানে আইসোলোশনে আছেন ৯৯৫ জন।
ডা. নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া ৪ জনই পুরুষ। তারা সবাই ঢাকার। বয়স ৫১ থেকে ৬০ এর মধ্যে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মাধ্যমে মোট ১১২ জন করোনামুক্ত হয়েছেন।
স্বাস্থ্য বুলেটিন উপস্থাপনের সময় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা।


