যুগের চিন্তা ডেস্ক: এই দুর্যোগকালীন সময়ে নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ উপ-কমিটির উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে দলীয় প্রতিনিধিদের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় নিজ বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, এই সংকটকালে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা কর্ম হারিয়ে দিশেহারা, মুখে বলতে পারে না, তাদের খুঁজে খুঁজে বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে।
সেতুমন্ত্রী আরও বলেন, এই সংকটে দুটো বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। তা হলো-এই যুদ্ধে করোনাকে মোকাবিলা করতে হবে এবং গরিব মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
দেশের আলেম-ওলামা, মোটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।


