৫৫ জেলাতে করোনা ছড়িয়েছে
ঢাকার বাইরে নারায়ণগঞ্জে বেশি আক্রান্ত
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৫:৩৮ পিএম
যুগের চিন্তা রিপোর্ট: করোনা ভাইরাস আস্তে পুরো দেশেই বিস্তার ঘটাচ্ছে। এখন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলাতেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেছেন, ৫৫ জেলায় আমরা করোনা আক্রান্ত ব্যক্তি পেয়েছি। ঢাকা সিটির মধ্যে এখনও অনেক বেশি। ঢাকা ডিভিশনেও সবচেয়ে বেশি।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা জেলার বাইরে প্রথমত আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। যার মধ্যে সিটি করপোরেশনেই আছে ৩৬৪ জন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ১৬ জন। সেখানে টোটাল কোয়ারেন্টাইনে আছেন ৬৮১ জন।
তিনি আরও বলেন, ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলার পরেই সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদীতে। সারা দেশে আমাদের যারা আক্রান্ত তাদের মধ্যে ৭৩ শতাংশই ঢাকা ডিভিশনে।
এর আগে বুলেটিনের শুরুতেই তিনি জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৭২ জন হয়েছে।


