যুগের চিন্তা ডেস্ক: পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে গলায় গামছা পেঁচিয়ে দিনাজ প্রামাণিক (৪৫) নামে এক কৃষককে হত্যার ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি আদর্শগ্রাম পশ্চিমপাড়ার রুস্তুম আলীর ছেলে আরকান্দিস্থ আর আর পি ফিডের ট্রাক চালক কামরুল হাসান ওরফে কামির ফকির (৪২) ও একই গ্রামের মৃত জামাল ব্যাপারীর ছেলে কামিরের ট্রাকের হেলপার মফিজুল ইসলাম মিন্টু (৩৫) এবং নিহত দিনাজের স্ত্রী হোসনে আরা বেগমকে (৪০)।
গতকাল গভীর রাতে মুলাডুলি চেকপোস্ট থেকে ট্রাকসহ দুজন এবং দিনাজের বাড়ি থেকে স্ত্রীকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের জানায় পুলিশ।
তাদের প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ জানায়, ফোনে ডেকে নিয়ে দিনাজকে গাঁজা সেবন করিয়ে ট্রাকের ভেতর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। হত্যার পর গোয়ালবাথান গ্রামের হায়দার মাস্টারের পারিবারিক কবরস্থানের জঙ্গলে মরদেহ ফেলে যান তারা। কামরুল ও মিন্টুর স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে নিহতের স্ত্রী হোসনেয়ারাকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার রাত দেড়টার দিকে নরসিংদী থেকে মালামাল নিয়ে ফেরার পথে মুলাডুলি চেকপোস্টে ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে হোসনেয়ারাকে গ্রেফতার করা হয়। অবৈধ সম্পর্ক ও হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন হোসনেয়ারা।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী, স্ত্রীর প্রেমিক কামির ও তার সহকারী পরস্পরের যোগসাজছে গত ১৯ এপ্রিল মোবাইলে ডেকে এনে প্রথমে গাঁজা সেবন করিয়ে দিনাজকে বেসামাল করে। পরে তাকে ট্রাকচালকের ক্যাবিনে নিয়ে পরিকল্পিতভাবে গলায় গামছা জড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ মুলাডুলির গোয়ালবাতান গ্রামের হায়দার মাস্টারের পারিবারিক কবরস্থানে ফেলে রেখে যায়।


