যুগের চিন্তা ডেস্ক: কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশে চলমান সাধারণ ছুটি আরও বাড়ছে। নতুন নানা নির্দেশনা সাপেক্ষে ছুটি বাড়িয়ে বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এই কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল (বুধবার) ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে। ছুটি তো বাড়বেই। অনেক ইন্সট্রাকশনসও (নির্দেশনা) আসবে, ইন্সট্রাকশনসে অনেক ভিন্নতা থাকবে। সেখানে ডিটেইল থাকবে।’
এ বিষয়ে গণ্যমাধ্যমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গণমাধ্যমকে জানান, ওই সিদ্ধান্ত প্রস্তাবটি লিখিতভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
করোনাভাইরাসের কারণে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে তিন দফায় ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১০ জনের। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৩৮২ জনে।


