যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসের কারণে দেশের বিভিন্ন জেলায় চলছে লকডাউন। সেই লকডাউন অমান্য করে ৬ ব্যক্তি রোগি সেজে অ্যাম্বুলেন্সে করে আজ নারায়ণগঞ্জে থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে আসেন। এক পর্যায় এলাকাবাসীর বাধার মুখে পড়েন তারা।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ইউনিয়ন চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ওই অ্যাম্বুলেন্সটিকে জব্দ করে এবং ওই ৬ যাত্রীকে পুলিশ আটক করে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ওই ৬ ব্যক্তিকে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষে হোম কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করা হয়।
এদিকে, ৬ ব্যক্তির করোনাভাইরাস শনাক্তকরণের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামীকাল তাদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।


