যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ প্রকারে দেশের সবাই আতংকের মধ্যে বসবাস করছে। এবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে তিনিই প্রথম এসিল্যান্ড, যিনি করোনায় আক্রান্ত হলেন।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টায় নতুন করে ভৈরবের ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে এসিল্যান্ড হীমাদ্রী খীসাসহ মোট পাঁচজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এই নিয়ে ভৈরবে এখন পর্যন্ত ১৫ জনের করোনা শনাক্ত হলো।
করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।
লুবনা ফারজানা বলেন, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে প্রথম থেকেই বিভিন্নভাবে ভৈরবের মানুষকে সচেতন করে আসছে উপজেলা প্রশাসন। তিনিসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকে ঘরমুখি করার চেষ্টা করেছেন। শেষমেশ দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন হীমাদ্রী খীসা।
এদিকে, দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন আরও ৭ জন। এখন পর্যন্ত দেশে করোনায় সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৫৬ জন। এই ভাইরাসে সর্বমোট মৃত্যু ঘটেছে ৯১ জনের।


