যুগের চিন্তা রিপোর্ট: রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় অরগানাইজ করে ত্রাণের জন্য বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ত্রাণের জন্য বিক্ষোভ, বিভিন্ন গণমাধ্যমে এটা আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আজকেই গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে; সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে, গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিক্ষোভের অনেকগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় অরগানাইজ করে এ ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে।’
সরকার ত্রাণ সহায়তা দিতে বদ্ধ পরিকর জানিয়ে তথ্যমন্ত্রী বলেন ‘সরকার প্রতিটি দুস্থ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার জন্য বদ্ধপরিকর। শুধুমাত্র সরকারের ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নয়; সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী, জেলা প্রশাসন এবং সিটি করপোরেশনগুলো মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে।’
এমনকি ত্রাণের জন্য হটলাইন খোলা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সেখানে কেউ ফোন করলে তাকেও ত্রাণ পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এমন ব্যবস্থা আশপাশের কোন দেশে করা হয়েছে, আমি অন্তত জানি না।’
হাছান মাহমুদ বলেন, ‘আমি অনুরোধ জানাব অহেতুক সরকারের সমালোচনা না করে, সরকারকে পরামর্শ দিতে। সরকারের বিরুদ্ধে এ ধরনের কথা বলার সময় এটি নয়। আজকের পরিস্থিতিতে সকল দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে (করোনা) মোকাবিলা করা জাতির জন্য প্রয়োজন। বিএনপির যারা গতানুগতিক বক্তব্যের মাধ্যমে তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছেন, তাদেরকে অনুরোধ জানাব-নেতিবাচক রাজনীতি পরিহার করে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা করি’।


