Logo
Logo
×

স্বদেশ

সরকার করোনাভাইরাসকে গুরুত্ব সহকারে নেয়নি: মির্জা ফখরুল

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৩:১৬ পিএম

সরকার করোনাভাইরাসকে গুরুত্ব সহকারে নেয়নি: মির্জা ফখরুল
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: সরকার এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণকে গুরুত্ব সহকারে নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বিগত ৪ এপ্রিল বিএনপি করোনাজনিত প্রভাব মোকাবিলায় ৮৭ হাজার কোটি টাকার ইকোনমিক প্যাকেজ ঘোষণা করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রস্তাবিত সে প্যাকেজের ভেতরে না ঢুকে খুবই কটূ ভাষায় বিএনপি মহাসচিবকে ব্যক্তিগত আক্রমণ করে প্যাকেজটিকে ‘কল্পনা-বিলাস’ বলে প্রত্যাখ্যান করেন। 


শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।


মির্জা ফখরুল বলেন, ‘সরকারি দলের দায়িত্বশীল মন্ত্রীরা যেভাবে কথা বলছেন, সেই ভাষা, ভঙ্গি, বডি ল্যাংগুয়েজে এখন পর্যন্ত মনে হয় না, এ বিষয়টাকে (করোনাভাইরাস) তারা সিরিয়াসলি নিয়েছেন। তারা এখনও দোষারোপের মধ্যেই রয়েছেন এবং বিএনপি কী করছে না করছে, সেটাই তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে।’


তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজটি কলেবরে বড় হলেও এটি মূলত একটি শুভঙ্করের ফাঁকি। পর্যালোচনা করলে দেখা যায় যে প্রণোদনা বলা হলেও মূলত অধিকাংশই ব্যাংকনির্ভর ঋণ-প্যাকেজ। যা বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী মহলকে দেওয়া হবে ব্যাংক- গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। এতে সরকারের প্রণোদনা নিতান্তই অপ্রতুল। 


বিএনপি মহাসচিব আরও বলেন, টিসিবির আওতায় চাল, ডাল বিক্রি এবং উপজেলা ও ইউনিয়ন লেভেলে চলমান ভিজিডি/ভিজিএফ প্রকল্পের আওতায় চাল বিতরণ শুরু হলে সারা দেশে চাল চুরির মহোৎসব শুরু হয়। অন্যদিকে ত্রাণ বিতরণে নজিরবিহীন দলীয়করণের কারণে ভিন্নমতাবলম্বি চরম দুস্থদের বেঁচে থাকার ন্যূনতম উপাদান চাল-ডাল থেকে বঞ্চিত করা হচ্ছে। 


ডা. মঈন উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তার (ডা. মঈন উদ্দিন) মৃত্যু একটা সত্যকে উদঘাটন করেছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর যে, একজন চিকিৎসকের নিরাপত্তা আমরা দিতে পারিনি। ইতোমধ্যে খবর এসেছে আরও কয়েকজন চিকিৎসক, সেবিকা এবং টেকনিশিয়ান করোনা আক্রান্ত হয়েছেন। অনেকে আইসোলেশনে আছেন।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন