যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই বরগুনায় জুয়া খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম সবুজ (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে রায়ভোগ গ্রাম থেকে স্থানীয় মাসুক, রাজা, বাসুদেবসহ চারজনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে বরগুনা সদর থানার পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী চার জুয়াড়িকে হাতেনাতে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে- ইউসুফ (৪০), আবদুল বারেক (৫০), আবুল কালাম (৬৫), আলমগীর (৪০), শাহাবির (২৫), গোলাম রসুল (৪৫), রুবেল (২৫), বেলায়েত হোসেন (২১), সরোয়ার পহলানের (৪৫) নাম জানা গেছে। এদের মধ্যে সরোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


