যুগের চিন্তা রিপোর্ট: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৯ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১০১২ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মহাখালী থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯০৫ জনের। এরমধ্যে ২০৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২ জনে। আর একদিনে রেকর্ড সাতজনের মৃত্যু নিয়ে এ সংখ্যা গিয়ে পৌছেছে ৪৬ জনে।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮০৪টি। এছাড়া আগের সংগ্রহ করা ছিল আরও। সবমিলে এক হাজার ৯০৫টি নমুন পরীক্ষা করা হয়েছে। এ হিসেবে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১২৮টি। এছাড়া বর্তমানে আইসোলেশনে আছেন ৩৮৩ জন।


