যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
রোববার (১২ এপ্রিল) মহাখালী থেকে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৬২১। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। এছাড়া যারা আগে থেকে আক্রান্ত, তাদের মধ্যে আরও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে মোট সুস্থ হয়েছেন ৩৯ জন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘মৃতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী। দুইজন ঢাকার, দুইজন ঢাকার বাইরের। নিহতদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন দুইজন, ৬০ বছর বয়সি একজন ও সত্তরের ওপরে একজন।’
মোট আক্রান্ত ৬২১ জনের মধ্যে ঢাকা সিটিতে ৫০ শতাংশ, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩৫ শতাংশ। চট্টগ্রামে ৬ শতাংশ। বাকিরা অন্যান্য জেলায়। নতুন করে তিনটি জেলায় লক্ষ্মীপুর, লালমনিরহাট ও ঝালকাঠিতে করোনার রোগী পাওয়া গেছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ২১০টি দেশে ১ লাখ ৮ হাজার ৯০৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরো অনেকে।


