যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও তিনজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিন উপস্থাপনে যুক্ত হয়ে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনলাইন বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসময়ের মধ্যে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৮২ জন।
স্বাস্থ্য বুলেটিনে আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকার বাইরের, একজন ঢাকার। আক্রান্তদের মধ্যে ৪৮ জন পুরুষ, ১০ জন নারী। নতুন ৫৮ জনের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ১৪ জন, নারায়নগঞ্জে ৮ জন। বাকিরা অন্যান্য জেলার। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।


